
বিনোদন প্রতিবেদকঃ
দেশের টেলিভিশন নাট্যাঙ্গনে পারিবারিক গল্পের নতুন সংযোজন হিসেবে দীপ্ত টিভি নিয়ে আসছে তাদের নতুন মেগা ধারাবাহিক ‘পরম্পরা’। পারিবারিক মূল্যবোধ, প্রজন্মগত দ্বন্দ্ব, ভালোবাসা ও সম্পর্কের গভীরতা নিয়ে নির্মিত এই ধারাবাহিকটি দর্শকদের জন্য একটি আবেগঘন অভিজ্ঞতা হয়ে উঠবে বলে আশা সংশ্লিষ্টদের।
নতুন এই ধারাবাহিক উপলক্ষে গত ২৯ ডিসেম্বর রাজধানীতে দীপ্ত টিভির প্রাঙ্গণে আয়োজন করা হয় আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের। সেখানে সিরিয়ালটির গল্প, নির্মাণ পরিকল্পনা ও সম্প্রচার সূচি সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হয়। জানানো হয়, আগামী ৩ জানুয়ারি থেকে প্রতি সপ্তাহে শনি থেকে বৃহস্পতিবার রাত ৯টা ৩০ মিনিটে ‘পরম্পরা’ প্রচারিত হবে দীপ্ত টিভিতে। পাশাপাশি দীপ্ত প্লে ও দীপ্ত টিভির ডিজিটাল প্ল্যাটফর্মেও ধারাবাহিকটি দেখা যাবে।
‘পরম্পরা’ মূলত তিন প্রজন্মকে ঘিরে আবর্তিত একটি পারিবারিক আখ্যান। গল্পের কেন্দ্রে রয়েছে ইংল্যান্ডে বেড়ে ওঠা এক তরুণ—নাহিয়ান। দীর্ঘদিন পর দেশে ফিরে সে নিজেকে হঠাৎ করে এক ভিন্ন সামাজিক ও পারিবারিক বাস্তবতায় আবিষ্কার করে। আধুনিক জীবনধারা ও ব্যক্তিস্বাধীনতার ধারণা নিয়ে বেড়ে ওঠা নাহিয়ানের সঙ্গে যৌথ পরিবারের ঐতিহ্যনির্ভর মূল্যবোধের সংঘাত ধীরে ধীরে গল্পে টানাপোড়েন তৈরি করে।
একই ছাদের নিচে বসবাসরত তিন প্রজন্মের মানুষের চিন্তাভাবনা, অভ্যাস ও জীবনদর্শনের পার্থক্য থেকেই শুরু হয় নানা দ্বন্দ্ব। তবে সেই দ্বন্দ্বের মাঝেই উঠে আসে ভালোবাসা, সহমর্মিতা এবং একে অপরকে বোঝার প্রচেষ্টা। ব্যক্তিগত স্বপ্ন, সম্পর্কের জটিলতা ও পারিবারিক দায়িত্বের মধ্যে ভারসাম্য খুঁজে নেওয়ার গল্পই এগিয়ে নেয় ‘পরম্পরা’র কাহিনি।
সময়ের পরিবর্তনে সমাজ ও জীবনধারা বদলালেও পারিবারিক সম্পর্কের বন্ধন যে অটুট থাকে—এই উপলব্ধিই ধারাবাহিকটির মূল বক্তব্য। প্রজন্মের ব্যবধান কমিয়ে এনে পারস্পরিক বোঝাপড়ার গুরুত্ব তুলে ধরা হয়েছে গল্পের প্রতিটি স্তরে।
ধারাবাহিকটির চিত্রনাট্য রচনা করেছেন আফিফা মোহসিনা অরণি এবং সংলাপ লিখেছেন সরোয়ার সৈকত। আশিস রায়ের পরিচালনায় এই মেগা সিরিয়ালে অভিনয় করেছেন ডলি জহুর, শতাব্দী ওয়াদুদ, সুষমা সরকার, শাফিউল রাজ, নূপুর আহসান, জান্নাতুল ফেরদৌস কাজল, কাজী রাজু, মিলি বাসার, সানজিদা মিলা, শানারেই দেবী শানু, রাগিব ইয়াসার, উপমা, সংগিতা চৌধুরী ও তানভীর রিজভি। লাইন প্রডিউসারের দায়িত্বে রয়েছেন জাহিদুল ইসলাম জাহিদ।
সংবাদ সম্মেলনে দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা তানভীর ফারুক, এজিএম মারিয়াম হক, লেখক আহমেদ খান হীরকসহ সংশ্লিষ্ট কলাকুশলী ও ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নতুন এই ধারাবাহিকের মাধ্যমে পারিবারিক গল্পে দর্শকদের নতুনভাবে যুক্ত করতে চায় দীপ্ত টিভি—এমন প্রত্যাশার কথাও জানান তারা।