
সেলিম মাহবুবঃ
সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে রিজার্ভ অফিসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের বার্ষিক পরিদর্শন সম্পন্ন করেছেন সিলেট রেঞ্জের ডিআইজি মোঃ মুশফেকুর রহমান। বৃহস্পতিবার (০৮ জানুয়ারি ২০২৬ খ্রি.) অনুষ্ঠিত এই পরিদর্শনের মাধ্যমে জেলা পুলিশের সার্বিক প্রশাসনিক, লজিস্টিক ও অপারেশনাল প্রস্তুতি মূল্যায়ন করা হয়।
বার্ষিক পরিদর্শন উপলক্ষে সিলেট রেঞ্জের ডিআইজি সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সে উপস্থিত হলে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এ সময় সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার এ বি এম জাকির হোসেন, পিপিএম তাঁকে স্বাগত জানান। পরিদর্শন কর্মসূচিকে কেন্দ্র করে পুলিশ লাইন্স এলাকায় নেওয়া হয় প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা।
পরিদর্শনের শুরুতে জেলা পুলিশ লাইন্স মাঠে সকল পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও ফোর্সদের অংশগ্রহণে একটি সুসজ্জিত প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ। শৃঙ্খলা, সমন্বয় ও পেশাদারিত্বে সাজানো এই প্যারেডে ডিআইজি অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন।
প্যারেড শেষে ডিআইজি মহোদয় প্যারেডে অংশগ্রহণকারী পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। তিনি প্যারেডের সার্বিক মান, শৃঙ্খলা ও উপস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও একই ধারাবাহিকতা বজায় রাখার গুরুত্ব তুলে ধরেন।
পরবর্তীতে সিলেট রেঞ্জ ডিআইজি জেলা পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখা পরিদর্শন করেন। এর মধ্যে ছিল অস্ত্রাগার, পোশাক ভান্ডার, ডি-স্টোর, পুলিশ হাসপাতাল, মোটরযান শাখা, রেশন স্টোর, ব্যারাক ও মেসসহ রিজার্ভ অফিসের আওতাধীন বিভিন্ন বিভাগ। প্রতিটি শাখার কার্যক্রম, রক্ষণাবেক্ষণ ও ব্যবস্থাপনা সরেজমিনে পর্যবেক্ষণ করা হয়।
পরিদর্শনকালে সংশ্লিষ্ট শাখাসমূহের কার্যক্রম আরও নিয়মতান্ত্রিক, স্বচ্ছ ও দক্ষভাবে পরিচালনার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পুলিশ সদস্যদের কল্যাণ, লজিস্টিক সুবিধা ও দাপ্তরিক শৃঙ্খলা বজায় রাখার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়।
বার্ষিক পরিদর্শন শেষে সিলেট রেঞ্জ ডিআইজি সুনামগঞ্জ জেলা পুলিশ লাইন্সের সার্বিক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি জেলা পুলিশের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও প্রস্তুতিকে ইতিবাচক হিসেবে মূল্যায়ন করেন।
এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সুজন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) রাকিবুল হাসান রাসেল, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) তাপস রঞ্জন ঘোষ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) চাতক চাকমাসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও ফোর্সবৃন্দ।
