
বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
আসন্ন ত্রয়োদশ নির্বাচনকে সামনে রেখে গণতন্ত্র, উন্নয়ন, নিরাপদ ও মানবিক বড়লেখা-জুড়ী গড়তে জামায়াতের বিস্তৃত উন্নয়ন ইশতেহার ঘোষণা করা হয়েছে। মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট প্রার্থী মোহাম্মদ আমিনুল ইসলাম এই ইশতেহার ঘোষণা করেন। সোমবার (০৯ ফেব্রুয়ারি) দুপুরে বড়লেখা পৌর শহরস্থ জেলা পরিষদ অডিটরিয়াম মিলনায়তনে এ ইশতেহার ঘোষণা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ত্রয়োদশ নির্বাচন সামনে রেখে উন্নয়ন ইশতেহার
ইশতেহারে বর্তমান সময়কে সম্ভাবনার দ্বার উন্মোচনের সময় উল্লেখ করে বড়লেখা ও জুড়ী উপজেলাকে নতুনভাবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। তরুণ সমাজকে সঙ্গে নিয়ে একটি নিরাপদ, মানবিক, ইনসাফভিত্তিক, উন্নত ও সমৃদ্ধ বড়লেখা-জুড়ী গড়াই এ ইশতেহারের মূল লক্ষ্য বলে জানানো হয়েছে।
শিক্ষা ও স্বাস্থ্য খাতে জামায়াতের প্রতিশ্রুতি
ঘোষিত ইশতেহারে গ্রাম থেকে শহর পর্যন্ত টেকসই সড়ক উন্নয়ন, যানজট নিরসন, নদী ও খাল পুনঃখনন, শতভাগ বিদ্যুতায়ন, জলাবদ্ধতা নিরসন এবং শহর আধুনিকায়নের প্রতিশ্রুতি দেওয়া হয়। শিক্ষা খাতে নৈতিক ও আধুনিক শিক্ষার সমন্বয়, নতুন কলেজ স্থাপন, অনার্স কোর্স চালু, শিক্ষা ঋণ ও বৃত্তির ব্যবস্থা এবং গণগ্রন্থাগার প্রতিষ্ঠার পরিকল্পনা তুলে ধরা হয়।
স্বাস্থ্য খাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আধুনিকায়ন, শয্যা বৃদ্ধি, বিশেষজ্ঞ চিকিৎসক ও ওষুধ সরবরাহ নিশ্চিত করা এবং অসহায় মানুষের জন্য ‘ফ্রি স্বাস্থ্য সুরক্ষা কার্ড’ চালুর ঘোষণা দেওয়া হয়।
চা-শ্রমিক ও কৃষকদের জন্য বিশেষ পরিকল্পনা
চা-শ্রমিক, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী ও উপজাতিদের নাগরিক অধিকার, ন্যায্য মজুরি, শিক্ষা ও ভূমি সমস্যার সমাধানে বিশেষ কর্মসূচির কথা বলা হয়। কৃষকদের জন্য বিনা লাভে কৃষি ঋণ, হাওরকেন্দ্রিক পরিবেশবান্ধব প্রকল্প, পর্যটন জোন, স্টেডিয়াম, বিনোদন পার্ক ও সাংস্কৃতিক একাডেমি প্রতিষ্ঠার পরিকল্পনাও ইশতেহারে স্থান পায়।
দুর্নীতিমুক্ত ও ইনসাফভিত্তিক সমাজ গঠনের অঙ্গীকার
দুর্নীতি, ঘুষ, চাঁদাবাজি ও অপরাধ দমনে জিরো টলারেন্স নীতি, বিশেষ মনিটরিং সেল গঠন এবং সকল বাজার সিসি ক্যামেরার আওতায় আনার ঘোষণা দেওয়া হয়। পাশাপাশি যুব সমাজের কর্মসংস্থান, প্রবাসীদের ভোটাধিকার, নারী-শিশু ও বয়োবৃদ্ধদের সুরক্ষা এবং সর্বোপরি ন্যায় ও ইনসাফভিত্তিক বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়।
সব ধর্ম, নারী-পুরুষ ও শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে ঐক্য, মূল্যবোধ ও ন্যায়বিচারের ভিত্তিতে একটি নতুন বড়লেখা-জুড়ী গড়ার প্রত্যয় ব্যক্ত করে আমিনুল ইসলাম বলেন, এই ইশতেহার বাস্তবায়নের মাধ্যমেই এ অঞ্চলের আগামীর সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়া সম্ভব হবে।
অনুষ্ঠানে জামায়াতের মৌলভীবাজার-১ আসনের পরিচালক ও জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা আব্দুর রহমান, আসন পরিচালনা কমিটির সদস্য সচিব ফয়সল আহমেদ সহ উপজেলা জামায়াত ও জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।