
সালেকুজ্জামান শামীম, মহেশপুর প্রতিনিধিঃ
ঝিনাইদহের মহেশপুর উপজেলায় বিজ্ঞানমনস্ক প্রজন্ম গড়ে তুলতে আয়োজিত মহেশপুর বিজ্ঞান মেলা ঘিরে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে রবিবার (১২ এপ্রিল) দিনব্যাপী ৪৭তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং মহেশপুর বিজ্ঞান মেলা ২০২৬-এর উদ্বোধন করা হয় উপজেলা পরিষদ প্রাঙ্গণে। এতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের উপস্থিতিতে মেলা প্রাঙ্গণ প্রাণবন্ত হয়ে ওঠে এবং প্রযুক্তিনির্ভর বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের প্রত্যয় ব্যক্ত করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে মহেশপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইশতিয়াক আহম্মেদের সভাপতিত্বে আয়োজিত সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার ইয়াসমিন সুলতানা, প্রাণিসম্পদ কর্মকর্তা নুর আলম, পল্লী উন্নয়ন অফিসার বাহাউল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবু সাঈদ এবং আইসিটি অফিসার মাইনুল ইসলামসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। বক্তারা বলেন, মহেশপুর বিজ্ঞান মেলা নতুন প্রজন্মের সৃজনশীলতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং শিক্ষার্থীদের বাস্তবমুখী জ্ঞান অর্জনে সহায়তা করছে।
মেলায় উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের উদ্ভাবনী প্রকল্প ও প্রযুক্তিনির্ভর আবিষ্কার উপস্থাপন করে। খুদে বিজ্ঞানীদের তৈরি রোবটিক্স, পরিবেশবান্ধব প্রযুক্তি ও দৈনন্দিন জীবনে কাজে লাগবে এমন নানা উদ্ভাবন দর্শনার্থীদের আকৃষ্ট করে। মহেশপুর বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞানভিত্তিক চিন্তাভাবনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে বলে অভিমত দেন আয়োজকরা।
আয়োজকরা জানান, মহেশপুর বিজ্ঞান মেলা শুধু একটি প্রদর্শনী নয়, বরং এটি শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশের একটি কার্যকর প্ল্যাটফর্ম। এ ধরনের আয়োজন ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে আয়োজন করা হবে এবং প্রযুক্তিনির্ভর শিক্ষাকে এগিয়ে নিতে স্থানীয় প্রশাসন সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
আরোও পড়ুন - মহেশপুরে মতবিনিময় সভা: অ্যাটর্নি জেনারেল কাজলের দোয়া প্রার্থনা