
মোঃ মাহবুবুর রহমান,রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ইউনিট সভাপতি সম্মেলন ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৫ মে) সকালে তারাবো পৌর অডিটোরিয়ামে আয়োজিত এ সম্মেলনে জেলার বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। রূপগঞ্জ জামায়াত সম্মেলন ঘিরে সকাল থেকেই নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। সম্মেলনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সাংগঠনিক কার্যক্রম শক্তিশালী করা এবং স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নানা দিকনির্দেশনামূলক বক্তব্য উঠে আসে।
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও নারায়ণগঞ্জ মহানগরী আমীর মাওলানা আবদুল জব্বার প্রধান অতিথির বক্তব্যে বলেন, একটি বৈষম্যহীন, মানবিক ও কল্যাণভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য ইসলামী আদর্শের কোনো বিকল্প নেই। তিনি বলেন, ইসলাম শুধু একটি ধর্ম নয়, বরং মানব জীবনের প্রতিটি সমস্যার বাস্তবসম্মত সমাধান। আল-কুরআনের বিধান অনুসরণ করলেই সমাজে ন্যায়বিচার, মানবিকতা ও সাম্যের পরিবেশ নিশ্চিত করা সম্ভব। তিনি আরও বলেন, বর্তমান সমাজে দুর্নীতি, বৈষম্য ও নৈতিক অবক্ষয়ের কারণে সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছে। এ অবস্থা থেকে উত্তরণে ইসলামী আদর্শভিত্তিক নেতৃত্ব প্রয়োজন।
জেলা কর্ম পরিষদ সদস্য এডভোকেট ইসরাফিল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত রূপগঞ্জ জামায়াত সম্মেলন-এ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার, কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান, সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা এবং ইসলামী ছাত্রশিবিরের জেলা সভাপতি আকরাম হোসাইন। বক্তারা সংগঠনের তৃণমূল পর্যায়ের কার্যক্রম আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্মেলনে বক্তব্য দিতে গিয়ে মুহাম্মদ মমিনুল হক সরকার বলেন, নারায়ণগঞ্জ জেলার প্রতিটি পাড়া-মহল্লায় জামায়াতে ইসলামীর সাংগঠনিক ভিত্তি মজবুত করতে হবে। তিনি নেতাকর্মীদের জনগণের পাশে থেকে মানবিক কর্মকাণ্ড পরিচালনার আহ্বান জানান। অপরদিকে জেলা সেক্রেটারি মুহাম্মদ হাফিজুর রহমান বলেন, জুলাই বিপ্লবের যে প্রত্যাশা ছিল, তা এখনো পূরণ হয়নি। তিনি অভিযোগ করে বলেন, জুলাই সনদের প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে ক্ষমতাসীনদের গড়িমসি জনগণের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। এ সময় তিনি জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
সদ্য সমাপ্ত জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-১ আসনে জামায়াত মনোনীত প্রার্থী আনোয়ার হোসেন মোল্লা বলেন, রূপগঞ্জে আবারও চাঁদাবাজি, দখলবাজি, সন্ত্রাস ও মাদকের বিস্তার ঘটছে। প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন ও গোলাগুলির ঘটনায় সাধারণ মানুষ আতঙ্কিত। তিনি এসব অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান। বক্তারা বলেন, সমাজে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে রাজনৈতিক সহনশীলতা এবং নৈতিক নেতৃত্ব অত্যন্ত জরুরি।
সভাপতির বক্তব্যে এডভোকেট ইসরাফিল হোসাইন বলেন, জনগণের অধিকার আদায়ে সবাইকে সচেতন হতে হবে। তিনি বলেন, সরকার যদি জুলাই সনদ বাস্তবায়নে ব্যর্থ হয়, তাহলে জনগণ আবারও রাজপথে নামবে। এ সময় তিনি সাংগঠনিক নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। রূপগঞ্জ জামায়াত সম্মেলন-এ বক্তারা আগামী স্থানীয় নির্বাচনকে সামনে রেখে নেতাকর্মীদের প্রস্তুতি গ্রহণেরও নির্দেশনা দেন।
সম্মেলনের শেষপর্যায়ে নারায়ণগঞ্জ জেলা আমীর মুহাম্মদ মমিনুল হক সরকার স্থানীয় নির্বাচনের জন্য সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করেন। ঘোষিত প্রার্থীদের মধ্যে উপজেলা চেয়ারম্যান হিসেবে আবদুল মোতালিব ভূইয়া এবং উপজেলা ভাইস চেয়ারম্যান হিসেবে এডভোকেট ইসরাফিল হোসাইনের নাম ঘোষণা করা হয়। এছাড়া কায়েতপাড়া ইউনিয়নে এডভোকেট আবদুস সামাদ মোল্লা, দাউদপুর ইউনিয়নে কামারুজ্জামান কামাল, মুড়াপাড়া ইউনিয়নে হাফেজ ফেরদাউসুর রহমান, ভোলাব ইউনিয়নে এডভোকেট রায়হান ইসলাম এবং ভুলতা ইউনিয়নে মোহাম্মদ জাহাঙ্গীর মোল্লার নাম ঘোষণা করা হয়। স্থানীয় রাজনীতিতে এ ঘোষণাকে ঘিরে নতুন আলোচনা শুরু হয়েছে।
আরোও পড়ুন - নারায়ণগঞ্জে সাংবাদিকদের প্রাণনাশের হুমকি: আদালতে মামলা, অভিযুক্ত ৮ জনের মধ্যে কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীও