
নরসিংদী জেলা প্রতিনিধি: নাহিদ হাসান
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ আসনের সংসদ সদস্য ড. আবদুল মঈন খান বলেছেন, বিগত ১৭ বছরে আওয়ামী লীগ সরকার তথ্যপ্রযুক্তি খাতকে ব্যবহার করে হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। তিনি অভিযোগ করেন, প্রযুক্তির উন্নয়নের নামে বড় বড় প্রকল্প গ্রহণ করা হলেও সাধারণ মানুষের জন্য সরকারি সেবাকে সহজ ও কার্যকর করা হয়নি। মঙ্গলবার (১৯ মে) দুপুরে নরসিংদীর পলাশ উপজেলায় তিন দিনব্যাপী ভূমিসেবা মেলা-২০২৬ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ড. মঈন খান বলেন, বর্তমান সময়ে প্রযুক্তি মানুষের জীবনকে সহজ করার জন্য ব্যবহার হওয়ার কথা থাকলেও বিগত সরকার সেটিকে রাজনৈতিক ও অর্থনৈতিক স্বার্থে কাজে লাগিয়েছে। তিনি বলেন, “আইটি লুটপাট” এর মাধ্যমে জনগণের ট্যাক্সের অর্থ অপচয় করা হয়েছে এবং অনেক ক্ষেত্রে প্রকল্প বাস্তবায়নের নামে অনিয়ম ও দুর্নীতি হয়েছে। তার ভাষ্যমতে, ডিজিটাল ব্যবস্থার প্রকৃত সুবিধা সাধারণ মানুষ পায়নি, বরং বিভিন্ন সরকারি সেবায় ভোগান্তি আরও বেড়েছে। তিনি দাবি করেন, জনগণের সেবা নিশ্চিত করতে হলে প্রযুক্তি খাতকে স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান সরকার ভূমিসেবা ব্যবস্থাকে সহজ ও জনবান্ধব করতে কাজ করছে। দেশের বিভিন্ন স্থানে অনলাইনের মাধ্যমে ভূমি সংক্রান্ত সেবা চালু হওয়ায় মানুষ আগের তুলনায় দ্রুত সেবা পাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। ভূমি অফিসে দালাল নির্ভরতা কমাতে প্রযুক্তিনির্ভর সেবা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি। এ সময় তিনি বলেন, শুধু উন্নয়নের বড় বড় গল্প বললে হবে না, বাস্তবে জনগণের দুর্ভোগ কমাতে হবে। জনগণ যাতে ঘরে বসেই প্রয়োজনীয় সেবা পেতে পারে, সেজন্য কার্যকর উদ্যোগ নিতে হবে।
পলাশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশতিয়াক আহমেদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: রাকীন মাশরুর খান। বক্তারা বলেন, ভূমিসেবা মেলার মূল লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষকে ভূমি সংক্রান্ত তথ্য ও সেবা সম্পর্কে সচেতন করা এবং হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করা। অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সেবাগ্রহীতারা অংশ নেন এবং তাৎক্ষণিকভাবে বেশ কিছু সেবা গ্রহণ করেন।
অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন। এ সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম, সিনিয়র যুগ্ম সম্পাদক বাহাউদ্দীন ভুইয়া মিল্টন, পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা এবং পৌর ছাত্রদলের আহ্বায়ক আমানউল্লাহ আমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা সরকারের বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি জনগণের মৌলিক সেবা সহজ করার ওপর গুরুত্বারোপ করেন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে পলাশ বাসস্ট্যান্ড এলাকায় প্রধান অতিথি ড. আবদুল মঈন খান পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দুস্থ ও অসহায় মানুষের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল), শুকনা খাবার এবং ঢেউটিন বিতরণ করেন। এ সময় স্থানীয় দরিদ্র ও নিম্নআয়ের শতাধিক পরিবার সহায়তা পায় বলে জানা গেছে। সহায়তা পেয়ে অনেকেই সন্তোষ প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
স্থানীয় বাসিন্দাদের মতে, ভূমিসেবা মেলার মতো আয়োজন সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বিশেষ করে অনলাইনভিত্তিক ভূমি সেবা, নামজারি, খাজনা পরিশোধ ও ভূমি তথ্য যাচাইয়ের বিষয়ে মানুষ সরাসরি কর্মকর্তাদের কাছ থেকে তথ্য পাচ্ছেন। এতে করে হয়রানি ও সময় অপচয় কমবে বলে আশা করছেন সেবাগ্রহীতারা। একই সঙ্গে রাজনৈতিক বক্তব্যে উঠে আসা “আইটি লুটপাট” প্রসঙ্গ নিয়েও স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে।
আরোও পড়ুন - ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে মুটিং ওয়ার্কশপ অনুষ্ঠিত