
আহাম্মেদ সাব্বির , বুটেক্স প্রতিনিধি
বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) দুই প্রাক্তন শিক্ষার্থী সানজিদা ইসলাম ও মাহবুবা হাকিম জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সদস্য নির্বাচিত হওয়ায় তাঁদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২০ মে) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী ও অ্যালামনাই সদস্যদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। জাতীয় সংসদে দুই বুটেক্স গ্র্যাজুয়েট প্রতিনিধিত্ব করায় পুরো ক্যাম্পাসে গর্ব ও উচ্ছ্বাসের আবহ তৈরি হয়। অনুষ্ঠানে বক্তারা দেশের টেক্সটাইল খাতের উন্নয়ন, গবেষণা সম্প্রসারণ এবং টেক্সটাইল ক্যাডার বাস্তবায়নের বিষয়েও গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। বিশেষ অতিথি ছিলেন ইনস্টিটিউট অব টেক্সটাইল ইঞ্জিনিয়ার্স অ্যান্ড টেকনোলজিস্টস (আইটিইটি)-এর অন্তর্বর্তীকালীন আহ্বায়ক কমিটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার এবং ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ (সেলিম)। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বুটেক্সের উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন আইটিইটির সদ্য বিদায়ী সদস্যসচিব প্রকৌশলী মো. এনায়েত হোসেন, প্রকৌশলী মো. মঈদুল ইসলাম (মঈদ), এ.কে.এম মহসিন আহমেদ, হাফিজুর রহমান নিক্সন ও মাইনুল ইসলাম পলাসসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সুলতান সালাউদ্দিন টুকু বলেন, টেক্সটাইল খাত বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকাশক্তি। বুটেক্সের শিক্ষার্থীদের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্কের কারণে এই খাতের সঙ্গে তাঁর আত্মিক সংযোগ তৈরি হয়েছে। তিনি বলেন, দেশের রপ্তানি আয়ের বড় অংশ আসে পোশাক ও টেক্সটাইল শিল্প থেকে, তাই এই খাতকে আরও শক্তিশালী করতে দক্ষ প্রকৌশলী তৈরির বিকল্প নেই। তিনি আশ্বাস দিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের উন্নয়নমূলক কর্মকাণ্ড, গবেষণা সম্প্রসারণ এবং শিক্ষার্থীদের সুযোগ-সুবিধা বৃদ্ধিতে তিনি সহযোগিতা অব্যাহত রাখবেন। একইসঙ্গে নারীদের রাজনৈতিক অংশগ্রহণ বৃদ্ধির বিষয়েও তিনি গুরুত্বারোপ করেন।
সংবর্ধিত অতিথি ও সংসদ সদস্য সানজিদা ইসলাম তুলি বলেন, দুই দশকের ব্যবধানে বুটেক্সের ব্যাপক অগ্রগতি হয়েছে। আগে যেখানে মাত্র চারটি বিভাগ ছিল, বর্তমানে বিশ্ববিদ্যালয়ে ১১টি বিভাগ চালু রয়েছে। তিনি বলেন, একজন বুটেক্স গ্র্যাজুয়েট হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করার সুযোগ পাওয়া তাঁর জন্য গর্বের বিষয়। দেশের সর্বোচ্চ রপ্তানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট এই বিশ্ববিদ্যালয়ে এখনো আধুনিক টেক্সটাইল গবেষণা কেন্দ্র না থাকা দুঃখজনক বলেও মন্তব্য করেন তিনি। ভবিষ্যতে একটি আন্তর্জাতিক মানের টেক্সটাইল গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠায় কাজ করার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, দক্ষ মানবসম্পদ তৈরির মাধ্যমে বাংলাদেশের টেক্সটাইল শিল্পকে আরও প্রতিযোগিতামূলক অবস্থানে নিয়ে যেতে হবে।
সংবর্ধিত অতিথি মাহবুবা হাকিম বলেন, ২০০৬ সালে একজন সাধারণ শিক্ষার্থী ও বিতার্কিক হিসেবে তিনি শেষবার এই অডিটোরিয়ামে এসেছিলেন। দীর্ঘ প্রায় ২০ বছর পর জাতীয় সংসদের সদস্য হিসেবে একই মঞ্চে ফিরে আসা তাঁর জন্য আবেগঘন মুহূর্ত। তিনি বলেন, “এই এমপি পদ আমার কাছে কেবল একটি দায়িত্ব নয়, এটি আল্লাহ তায়ালার একটি আমানত।” তিনি আরও বলেন, নতুন ধারার রাজনীতিতে তিনি বিশ্বাসী, যেখানে ধর্ম-বর্ণ-দলমত নির্বিশেষে দেশের কল্যাণে সবাই একসঙ্গে কাজ করবে। একজন বুটেক্স গ্র্যাজুয়েট হিসেবে দেশের মানুষের কল্যাণে কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে আইইবি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ডিভিশনের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মহিউদ্দিন আহমেদ (সেলিম) দীর্ঘদিনের দাবি অনুযায়ী টেক্সটাইল ক্যাডার দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান। তিনি বলেন, টেক্সটাইল খাতে দক্ষ প্রকৌশলীদের জন্য আলাদা প্রশাসনিক কাঠামো তৈরি করা সময়ের দাবি। একইসঙ্গে বুটেক্সে একটি পূর্ণাঙ্গ টেক্সটাইল রিসার্চ ইনস্টিটিউট প্রতিষ্ঠার বিষয়েও তিনি আশাবাদ ব্যক্ত করেন। অন্যদিকে আইটিইটির আহ্বায়ক ইঞ্জিনিয়ার এহসানুল করিম কায়সার বলেন, বিদ্যুৎ ও গ্যাস সংকটের কারণে দেশের অনেক টেক্সটাইল কারখানা পূর্ণ সক্ষমতায় উৎপাদন করতে পারছে না। এসব সমস্যা জাতীয় পর্যায়ে তুলে ধরতে নবনির্বাচিত সংসদ সদস্যদের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
আইটিইটির সদ্য বিদায়ী সদস্যসচিব প্রকৌশলী মো. এনায়েত হোসেন বলেন, আইইবির প্রায় ৮০ হাজার প্রকৌশলীর মধ্যে মাত্র দুজন জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হয়েছেন এবং তাঁরা দুজনই বুটেক্স পরিবারের সদস্য। এটি পুরো টেক্সটাইল খাতের জন্য গর্বের বিষয় বলে উল্লেখ করেন তিনি। অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জুলহাস উদ্দিন বলেন, জাতীয় সংসদে বুটেক্স গ্র্যাজুয়েট প্রতিনিধিত্ব বিশ্ববিদ্যালয়ের মর্যাদা আরও বৃদ্ধি করেছে। তিনি আশা প্রকাশ করেন, তাঁরা সংসদে টেক্সটাইল খাতের সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন পরিকল্পনা জোরালোভাবে উপস্থাপন করবেন। পরে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আরোও পড়ুন - একাত্তর সাংস্কৃতিক সংঘের আয়োজনে বুটেক্সে বাংলা নববর্ষ উদযাপিত