
মোঃ আলমগীর হোসাইন, বিভাগীয় প্রধান, রংপুরঃ
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় যুব ও শ্রমিকদের অধিকার, কর্মসংস্থান এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে অপরাজেয় বাংলাদেশের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ত্রৈমাসিক মতবিনিময় সভা। সিডা (SIDA), সুইডেন এবং প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়িত ‘স্পেস টু লিড’ প্রকল্পের আওতায় আয়োজিত এ সভা বৃহস্পতিবার নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তার হলরুমে অনুষ্ঠিত হয়। সভায় বিভিন্ন পেশার নিয়োগকর্তা, উদ্যোক্তা, ব্যবসায়ী, শিক্ষক, শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা শ্রম অধিকার, নিরাপদ কর্মপরিবেশ এবং যুব নেতৃত্ব বিকাশের নানা দিক নিয়ে গুরুত্বপূর্ণ মতামত তুলে ধরেন।
সভায় জানানো হয়, ‘স্পেস টু লিড’ প্রকল্পের অন্যতম লক্ষ্য হলো কর্মক্ষেত্রে নিরাপত্তা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ নিশ্চিত করা, শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা করা এবং যুবক-যুবতীদের অর্থনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বৃদ্ধি করা। এছাড়া শ্রমিক ও নিয়োগকর্তাদের মধ্যে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, কর্মক্ষেত্রে হয়রানি ও সহিংসতা প্রতিরোধ, দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণেও প্রকল্পটি কাজ করছে। বক্তারা বলেন, বর্তমান সময়ে যুবসমাজকে দক্ষ জনশক্তিতে পরিণত করতে হলে কর্মমুখী প্রশিক্ষণ ও বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণের বিকল্প নেই। এ ক্ষেত্রে ‘স্পেস টু লিড’ কার্যক্রম ইতোমধ্যে ইতিবাচক ভূমিকা রাখছে।
মতবিনিময় সভায় উপস্থিত উদ্যোক্তা ও শ্রমিক প্রতিনিধিরা তাদের বিভিন্ন সমস্যা ও চ্যালেঞ্জের বিষয় তুলে ধরেন। তারা বলেন, মূলধনের সংকট, ব্যাংক ঋণ পাওয়ার জটিলতা, অকার্যকর শ্রম আইন, অনির্ধারিত কর্মঘণ্টা, শ্রমিকদের ঘন ঘন কর্মস্থল পরিবর্তন, নারী উদ্যোক্তাদের প্রতি সামাজিক বৈষম্য এবং নিরাপত্তাহীনতা এখনও বড় বাধা হিসেবে রয়ে গেছে। এছাড়া বাল্যবিবাহ, ইভটিজিং, মাদকাসক্তি, জমিজমা সংক্রান্ত বিরোধ এবং রাজনৈতিক প্রতিহিংসার মতো সামাজিক সমস্যাগুলোও উন্নয়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। এসব সমস্যা সমাধানে কার্যকর ও দীর্ঘমেয়াদি উদ্যোগ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।
সভায় বক্তব্য দেন নাগেশ্বরী উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান, আব্দুর রাজ্জাক, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা. সোহেলী পারভীন, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, নাগেশ্বরী উপজেলা প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক কামরুল হাসান এবং পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও ব্যবসায়ী ওমর ফারুক। বক্তব্যে ওমর ফারুক বলেন, দেশের অর্থনৈতিক উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনে সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। তিনি যুব সমাজকে দক্ষতা অর্জন এবং আত্মনির্ভরশীল হওয়ার প্রতি গুরুত্বারোপ করেন।
অপরাজেয় বাংলাদেশের স্পেস টু লিড প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শেখ আমিনা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নাগেশ্বরী উপজেলা নির্বাহী কর্মকর্তা এইচ. এম. খোদাদাদ হোসেন। সভাপতির বক্তব্যে তিনি বলেন, দারিদ্র্য বিমোচন, বৈষম্য হ্রাস এবং দক্ষ মানবসম্পদ গড়ে তোলার লক্ষ্যে গৃহীত কার্যক্রমগুলোকে শুধুমাত্র আলোচনা বা সেমিনারের মধ্যে সীমাবদ্ধ না রেখে বাস্তবায়নের দিকে গুরুত্ব দিতে হবে। তিনি আরও বলেন, বিভিন্ন সহায়তা কার্যক্রমে শুধুমাত্র নগদ অর্থ প্রদানের পরিবর্তে উৎপাদনমুখী ও টেকসই উপকরণ সরবরাহের বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এতে উপকারভোগীরা দীর্ঘমেয়াদে স্বাবলম্বী হতে পারবেন।
শেষে উপস্থিত সকলের অংশগ্রহণ এবং মূল্যবান মতামতের জন্য ধন্যবাদ জানিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, ‘স্পেস টু লিড’ প্রকল্পের মাধ্যমে নাগেশ্বরীতে যুব উন্নয়ন, শ্রম অধিকার সুরক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির কার্যক্রম আরও বেগবান হবে।
আরোও পড়ুন - নাগেশ্বরীতে সিজার অপারেশনের পর প্রসূতির মৃত্যু: চিকিৎসকের অবহেলার অভিযোগে উত্তেজনা