
মো: জিসান রহমান, মাভাবিপ্রবি প্রতিনিধি
মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) অধ্যয়নরত ময়মনসিংহের শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে “সৈনকিয়ান পূর্ণমিলনী ও নবীনবরণ” অনুষ্ঠান।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর ২০২৫) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের মিনি ক্যাফেটেরিয়া প্রাঙ্গণে প্রীতিভোজের মাধ্যমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করা হয়। এ সময় বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই আয়োজনের মাধ্যমে ভ্রাতৃত্ব, পারস্পরিক বন্ধন ও আন্তরিকতার সম্পর্ক আরও দৃঢ় হবে। পাশাপাশি তারা ভবিষ্যতেও এমন মিলনমেলার ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।
উৎসবমুখর এই আয়োজনে অংশগ্রহণকারী সাবেক শিক্ষার্থীরা একে অপরের সঙ্গে অতীতের স্মৃতি রোমন্থন করেন এবং নবীনদের সঙ্গে অভিজ্ঞতা বিনিময় করেন। সার্বিকভাবে দিনব্যাপী অনুষ্ঠানটি প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের এক বন্ধুত্বপূর্ণ প্ল্যাটফর্মে একত্রিত করেছে।