
হাবিপ্রবি প্রতিনিধি:
অবলম্বন ফাউন্ডেশনের উদ্যোগে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) নিরাপত্তাকর্মীদের মাঝে শীতবস্ত্র হিসেবে কম্বল বিতরণ করা হয়েছে। এ মানবিক উদ্যোগে সহযোগিতা করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ফাহমিদ তানজিম ফাহিম।
মঙ্গলবার (২০ জানুয়ারি) দিবাগত রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবলম্বন ফাউন্ডেশনের উদ্যোগে এবং ফাহমিদ তানজিম ফাহিমের সহযোগিতায় অর্ধশতাধিক নিরাপত্তাকর্মীর মাঝে এসব কম্বল বিতরণ করা হয়। তীব্র শীতের মধ্যে সারারাত দায়িত্ব পালনকারী কর্মচারীদের কথা বিবেচনায় নিয়ে এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।
কম্বল পেয়ে এক নিরাপত্তাকর্মী বলেন, ‘এই শীতে আমাদের কথা কেউ ভাবেনি। শীতের রাতে সারারাত ডিউটি করতে হয়। এই কম্বলটা গায়ে জড়ালে অনেক আরাম পাওয়া যায়।’
নিজের অনুভূতি জানিয়ে ফাহমিদ তানজিম ফাহিম বলেন, ‘শীতের প্রকোপ বাড়ায় অনেক কর্মচারী কষ্টে আছেন। তারা সারারাত জেগে আমাদের নিরাপত্তার দায়িত্ব পালন করেন। তাদের মুখে একটু হাসি ফোটাতে পারাই আমার কাছে সবচেয়ে আনন্দের। ভবিষ্যতেও সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করব এবং অবলম্বন ফাউন্ডেশনের উদ্যোগে আরও ভালো কাজ করতে চাই। আমরা বিশ্বাস করি—কেউ একা নয়। দুঃস্থ, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের জীবনের অবলম্বন হওয়াই আমাদের লক্ষ্য।’
উল্লেখ্য, অবলম্বন ফাউন্ডেশন একটি অরাজনৈতিক ও অলাভজনক মানবিক সংগঠন, যা নিয়মিতভাবে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে।