
প্রতিবেদকঃ শামীম খান (গাজীপুর)
গাজীপুরে তারেক জিয়া সড়ক নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শুক্রবার (৮ মে) বিকেলে গাজীপুর সদর উপজেলার মির্জাপুর ইউনিয়নের তালতলী গ্রামের তারেক জিয়া মোড়ে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে স্থানীয় বিএনপি, ছাত্রদল, যুবদলসহ বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েক শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে পরিচিত তারেক জিয়া সড়ক এর নাম পরিবর্তন করে একটি নতুন নামকরণ করা হয়েছে, যা স্থানীয় জনগণের ইতিহাস ও পরিচয়ের সঙ্গে সাংঘর্ষিক।
বক্তারা আরও বলেন, তারেক জিয়া সড়ক শুধু একটি সড়কের নাম নয়, এটি স্থানীয়ভাবে রাজনৈতিক ও সামাজিক পরিচয়ের অংশ হিসেবে পরিচিত ছিল। মানববন্ধনে সদর উপজেলা ওলামা দলের সভাপতি আমিনুল কাজী বলেন, ২০০৪ সালে একটি শিল্পকারখানা উদ্বোধনের সময় ওই এলাকার উন্নয়ন কার্যক্রম শুরু হয় এবং পরবর্তীতে স্থানীয়ভাবে সড়কটির নাম তারেক জিয়া সড়ক হিসেবে পরিচিতি লাভ করে। তার দাবি, এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত পরিচয়ের কারণে নামটি স্থায়ীভাবে ব্যবহৃত হয়ে আসছিল।
গাজীপুর সদর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. মাজাহারুল ইসলাম বলেন, তারেক জিয়া সড়ক নামটি মুছে ফেলার চেষ্টা করা হয়েছে, যা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে তারা মনে করেন। তিনি বলেন, স্থানীয় জনগণ এবং দলের নেতাকর্মীরা এই সিদ্ধান্ত মানেন না এবং দ্রুত সময়ের মধ্যে পূর্বের নাম পুনর্বহালের দাবি জানাচ্ছেন। তার মতে, ইতিহাস ও স্থানীয় পরিচয় পরিবর্তন করে নতুন নাম চাপিয়ে দেওয়া গ্রহণযোগ্য নয়।
মির্জাপুর ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য রমজান আলী জানান, বিভিন্ন সরকারি নথি ও পুরোনো রেকর্ডে তারেক জিয়া সড়ক এবং তার আশপাশের এলাকা ‘তারেক জিয়া মোড়’ নামে পরিচিত ছিল। এমনকি অতীতের কিছু আইনশৃঙ্খলা সংক্রান্ত মামলার নথিতেও এই নামের উল্লেখ রয়েছে বলে তিনি দাবি করেন। তার মতে, হঠাৎ করে সড়কের নাম পরিবর্তন করে নতুন নাম দেওয়া স্থানীয় জনগণের মধ্যে অসন্তোষ সৃষ্টি করেছে।
এ বিষয়ে গাজীপুর সদর উপজেলা এলজিইডির সহকারী প্রকৌশলী মো. ফাহাদ বলেন, সড়কের নাম পরিবর্তনের বিষয়টি সরকারি প্রক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে এবং এটি মন্ত্রণালয়ের অনুমোদনের ওপর নির্ভরশীল। বর্তমানে সরকারি নথিতে সড়কটি ‘তালতলী-মনিপুর সড়ক’ নামে লিপিবদ্ধ রয়েছে। তবে কবে এবং কীভাবে নাম পরিবর্তন হয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট তথ্য তার কাছে নেই বলে তিনি জানান। এই পরিস্থিতিতে স্থানীয়রা আবারও তারেক জিয়া সড়ক নাম পুনর্বহালের দাবি জানিয়ে আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দেন।
আরোও পড়ুন - গাজীপুরে কিশোরীকে বাসায় নিয়ে ধর্ষণ: হকার ইসমাইল গ্রেফতার