
মিজানুর রহমান (লাভলু) সিলেটঃ
সিলেটের কানাইঘাট উপজেলায় পরিবেশ রক্ষা, কৃষি উন্নয়ন এবং জলাবদ্ধতা নিরসনের লক্ষ্যে প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের আওতায় খাল খনন কার্যক্রম ও বৃক্ষরোপণ বাস্তবায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। সভায় উপজেলার বিভিন্ন এলাকার খাল পুনঃখনন, পানি প্রবাহ সচল রাখা এবং পরিবেশ সুরক্ষায় সমন্বিত পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহদী হাসান শাকিলের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জানানো হয়, সরকারের চলমান উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে কানাইঘাটের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাল পুনরুদ্ধার ও সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে ভরাট হয়ে যাওয়া খালগুলো পুনঃখননের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, জলাবদ্ধতা কমানো এবং বর্ষা মৌসুমে পানি নিষ্কাশন সহজ করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলাজুড়ে প্রায় ১ লাখ গাছের চারা রোপণের পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে, যা পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহদী হাসান শাকিল বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের অংশ হিসেবে দেশের অন্যান্য অঞ্চলের মতো কানাইঘাটেও খাল খনন কার্যক্রম শুরু হয়েছে এবং এটি পর্যায়ক্রমে আরও বিস্তৃত করা হবে। তিনি বলেন, স্থানীয় জনগণের মতামত ও প্রয়োজনের ভিত্তিতে কোন খাল আগে খনন করা হবে তা যাচাই-বাছাই করা হচ্ছে। এতে জনগণের প্রত্যাশা ও বাস্তব প্রয়োজনের সমন্বয় ঘটবে। পাশাপাশি বৃক্ষরোপণ কর্মসূচিতে সরকারি দপ্তর, শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক সংগঠন এবং সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে প্রশাসন কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।
সভায় উপস্থিত রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বলেন, নকলা খালসহ উপজেলার গুরুত্বপূর্ণ খালগুলো দ্রুত পুনঃখননের আওতায় আনতে হবে। তারা বলেন, কৃষি ও জনজীবনের উন্নয়নে খাল খনন কার্যক্রম অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। রাজনৈতিক নেতারা আরও বলেন, উন্নয়নমূলক এ কর্মসূচি বাস্তবায়নে কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি হলে প্রশাসনকে কঠোর অবস্থান নিতে হবে। ব্যক্তিস্বার্থ কিংবা প্রতিহিংসামূলক আচরণের কারণে যাতে সরকারের উন্নয়ন প্রকল্প বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে প্রশাসনকে সতর্ক থাকার আহ্বান জানান তারা।
সভায় বক্তারা আরও বলেন, শুধু খাল খনন নয়, বৃক্ষরোপণ কর্মসূচিও এলাকার পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। রাস্তার পাশে, শিক্ষা প্রতিষ্ঠানে, খাস জমিতে এবং বিভিন্ন সরকারি স্থাপনায় গাছ লাগানোর মাধ্যমে সবুজ পরিবেশ গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে। এতে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তারা। বক্তারা স্থানীয় জনগণকে স্বতঃস্ফূর্তভাবে এসব কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী (ভূমি) তাপস চক্রবর্তী তুষার, থানার অফিসার ইনচার্জ আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি মামুন রশিদ মামুন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাজ উদ্দিন সাজু, উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাওঃ ফয়ছল আহমদ, উপজেলা প্রকৌশলী আবু হানিফা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তাপস চক্রবর্তী, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপির চেয়ারম্যান মাওঃ জামাল উদ্দিন, দিঘীরপাড় ইউপির চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, বড়চতুল ইউপির চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী, ঝিঙ্গাবাড়ি ইউপির চেয়ারম্যান আবু বকর, রাজাগঞ্জ ইউপির চেয়ারম্যান মাওঃ সামসুল ইসলাম, কানাইঘাট প্রেসক্লাবের সভাপতি নিজাম উদ্দিন, পৌর বিএনপির সভাপতি নুরুল হোসেন বুলবুল, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান বদরুজ্জামান ইকবাল, উপজেলা খেলাফত মজলিস নেতা হুসন আহমদ এবং উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিক আহমদসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
আরোও পড়ুন - কানাইঘাট কম্বল আটক: ১৫৮ পিস ভারতীয় কম্বলসহ ১ জন গ্রেফতার