
এনায়েত করীম রাজিব, (বাগেরহাট)
বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার সরকারি সিরাজউদ্দীন মেমোরিয়াল (এস এম) কলেজের শিক্ষার্থীরা ক্লাস চলাকালে বিভিন্ন ছাত্র সংগঠনের রাজনৈতিক কর্মসূচি ও মিছিলের কারণে শিক্ষা কার্যক্রম ব্যাহত হওয়ার অভিযোগ তুলে অধ্যক্ষ বরাবর লিখিত আবেদন জমা দিয়েছেন। শিক্ষার্থীদের দাবি, কলেজে মিছিল বন্ধ করে শিক্ষার স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করা হোক এবং ক্লাসের সময় কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি আয়োজন না করা হোক।
সোমবার (১৫ জুন) কলেজের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে অধ্যক্ষের কাছে দেওয়া আবেদনে বলা হয়, দীর্ঘদিন ধরে বিভিন্ন ছাত্র সংগঠন ক্লাস চলাকালে শিক্ষার্থীদের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে আহ্বান জানিয়ে আসছে। অনেক ক্ষেত্রে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, তাদেরকে বিভিন্ন অজুহাতে ডেকে এনে রাজনৈতিক মিছিল বা সমাবেশে উপস্থিত দেখানো হয়। এতে পাঠদান কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি শিক্ষার্থীদের মধ্যে অস্বস্তি ও উদ্বেগ তৈরি হচ্ছে। শিক্ষার্থীরা মনে করছেন, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান লক্ষ্য হওয়া উচিত শিক্ষার মানোন্নয়ন এবং মেধা বিকাশের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা।
শিক্ষার্থীদের অভিযোগ অনুযায়ী, গত ১৪ জুন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি কর্মসূচিকে কেন্দ্র করে কিছু শিক্ষার্থীকে “কলেজের একটি প্রোগ্রাম রয়েছে” বলে ডাকা হয়। পরে সেখানে উপস্থিত শিক্ষার্থীদের ছবি ও ভিডিও ধারণ করা হয় বলে অভিযোগ ওঠে। কয়েকজন শিক্ষার্থী দাবি করেন, তারা কোনো রাজনৈতিক স্লোগানে অংশ নেননি কিংবা কোনো রাজনৈতিক অবস্থান প্রকাশ করেননি। কিন্তু পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত কিছু ভিডিওতে সম্পাদনার মাধ্যমে স্লোগান যুক্ত করে প্রচার করা হয়েছে বলে অভিযোগ করেন তারা। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়।
আবেদনকারী শিক্ষার্থীরা বলেন, তারা কোনো নির্দিষ্ট সংগঠনের বিরুদ্ধে অবস্থান নিতে চান না; বরং কলেজে মিছিল বন্ধ করে একটি সম্পূর্ণ শিক্ষাবান্ধব পরিবেশ প্রতিষ্ঠা করতে চান। তাদের মতে, শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক সচেতনতা থাকতে পারে, তবে তা যেন পাঠদান ও একাডেমিক কার্যক্রমকে ব্যাহত না করে। শিক্ষার্থীদের স্বার্থ, পাঠদানের ধারাবাহিকতা এবং কলেজের সুনাম রক্ষার স্বার্থে ক্লাসের সময় রাজনৈতিক কর্মসূচি পরিহার করা প্রয়োজন।
শিক্ষার্থীরা আরও জানান, কলেজের অধিকাংশ শিক্ষার্থী দূর-দূরান্ত থেকে লেখাপড়া করতে আসেন। তারা নির্ধারিত সময়ে ক্লাস, পরীক্ষা ও একাডেমিক কার্যক্রমে অংশগ্রহণ করতে চান। কিন্তু বিভিন্ন সময় ক্লাস চলাকালে রাজনৈতিক কর্মসূচির কারণে তাদের মনোযোগ ব্যাহত হয়। তাই কলেজে মিছিল বন্ধ এবং ক্লাস চলাকালে রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণে প্রশাসনের কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করছেন তারা।
আবেদনে শিক্ষার্থীরা সকল ছাত্র সংগঠনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশ, নেতৃত্ব গঠন এবং সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখা উচিত। কোনো ধরনের রাজনৈতিক কর্মসূচি আয়োজন করতে হলে তা কলেজ ছুটির পরে অথবা সাপ্তাহিক বন্ধের দিনে আয়োজন করা যেতে পারে। এতে শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ থাকবে এবং সাধারণ শিক্ষার্থীরাও কোনো চাপ বা বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হবে না।
এদিকে শিক্ষার্থীদের এই উদ্যোগ কলেজ ক্যাম্পাসে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক শিক্ষার্থী মনে করছেন, কলেজে মিছিল বন্ধ এবং শিক্ষার পরিবেশ রক্ষার দাবিটি সময়োপযোগী। তারা আশা করছেন, কলেজ প্রশাসন বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে এবং শিক্ষার্থীদের স্বার্থে প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করবে।
আরোও পড়ুন - জমি নিয়ে হামলায় বাগেরহাটে নারী আহত, বাড়িতে ভাঙচুর ও লুটপাটের অভিযোগ