
মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহীঃ
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি (আইআইসিটি)-এর চতুর্থ বোর্ড অব গভর্নরস সভা অনুষ্ঠিত হয়েছে। রুয়েট আইআইসিটি-এর কার্যক্রম আরও যুগোপযোগী, গবেষণাভিত্তিক এবং শিল্পখাতের চাহিদার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে সভায় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করা হয়। তথ্যপ্রযুক্তি খাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলা, গবেষণার পরিধি বাড়ানো এবং আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষা কার্যক্রম সম্প্রসারণের ওপর বিশেষ গুরুত্বারোপ করেন বোর্ড সদস্যরা।
শনিবার (৪ জুলাই) রুয়েট উপাচার্যের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এস. এম. আব্দুর রাজ্জাক। সভায় রুয়েট আইআইসিটি-এর চলমান কার্যক্রম, ভবিষ্যৎ পরিকল্পনা, গবেষণা সহযোগিতা বৃদ্ধি, প্রশিক্ষণ কর্মসূচি সম্প্রসারণ, শিল্প-প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। একই সঙ্গে শিক্ষার্থী ও গবেষকদের জন্য আরও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও মতামত তুলে ধরা হয়।
আইআইসিটির পরিচালক ও কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. রবিউল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মো. আব্দুল কাদের জিলানী, ডিন, ফলিত বিজ্ঞান ও মানবিক অনুষদ; অধ্যাপক ড. বশির আহমেদ, ডিন, ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অনুষদ; অধ্যাপক ড. আব্দুল খালেক, পরিচালক, গবেষণা ও সম্প্রসারণ দপ্তর; অধ্যাপক ড. মো. একরামুল হামিদ, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ; প্রকৌশলী মো. আহসান হাবিব, চেয়ারম্যান, নীলসাগর গ্রুপ; নুরুল মাবুদ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক, টেলিকম বাংলাদেশ লিমিটেড এবং মো. আসলাম হোসেন, ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ সাবমেরিন কেবলস পিএলসি।
সভায় অংশগ্রহণকারী সদস্যরা বলেন, বর্তমান বিশ্বে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি দেশের অর্থনৈতিক উন্নয়ন, শিল্পায়ন, স্মার্ট সেবা এবং ডিজিটাল রূপান্তরের অন্যতম চালিকাশক্তি। সে বাস্তবতায় রুয়েট আইআইসিটি গবেষণা, প্রশিক্ষণ ও উদ্ভাবনের মাধ্যমে জাতীয় পর্যায়ে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। এ জন্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, প্রযুক্তি খাতের বিশেষজ্ঞ এবং শিল্প উদ্যোক্তাদের সঙ্গে যৌথ উদ্যোগ জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
আলোচনায় ভবিষ্যতে আধুনিক ল্যাব সুবিধা বৃদ্ধি, গবেষণা প্রকল্প সম্প্রসারণ, দক্ষ মানবসম্পদ তৈরিতে স্বল্প ও দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ, আন্তর্জাতিক সহযোগিতা বৃদ্ধি এবং প্রযুক্তিনির্ভর উদ্ভাবনী উদ্যোগ বাস্তবায়নের বিষয়ে মতবিনিময় হয়। একই সঙ্গে শিক্ষার্থীদের বাস্তবমুখী দক্ষতা অর্জনে শিল্প-প্রতিষ্ঠানের সঙ্গে সংযোগ বাড়ানোর প্রয়োজনীয়তার কথাও উঠে আসে।
সভা শেষে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, গৃহীত পরিকল্পনাগুলো বাস্তবায়িত হলে রুয়েট আইআইসিটি দেশের তথ্যপ্রযুক্তি খাতে গবেষণা, উদ্ভাবন ও দক্ষ জনশক্তি তৈরিতে আরও কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে। উল্লেখ্য, রুয়েটের আইআইসিটি দীর্ঘদিন ধরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ে গবেষণা, প্রশিক্ষণ, উদ্ভাবন এবং প্রযুক্তিনির্ভর দক্ষতা উন্নয়নে কাজ করে আসছে। এসব কার্যক্রম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের পাশাপাশি দেশের প্রযুক্তি খাতের উন্নয়নেও ইতিবাচক অবদান রাখছে।
আরোও পড়ুন - আমিরপুর ফেরিঘাটে স্থায়ী টোল চার্ট বসছে, অতিরিক্ত টোল আদায় বন্ধে রাসিকের উদ্যোগ