
মোস্তাফিজুর রহমান রানা, রাজশাহী প্রতিনিধিঃ
রাজশাহী মহানগরকে আরও নিরাপদ, সুশৃঙ্খল ও আধুনিক নগর হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু এমপি। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্তিশালী করতে এবং সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি) ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। আরএমপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, অপরাধ দমনের পাশাপাশি জনগণের আস্থা অর্জন করাও পুলিশের অন্যতম দায়িত্ব। দুষ্টের দমন ও সুশাসন প্রতিষ্ঠার মাধ্যমে রাজশাহীকে একটি নিরাপদ ও বাসযোগ্য নগরীতে পরিণত করার লক্ষ্য নিয়ে সরকার ও আইনশৃঙ্খলা বাহিনী একযোগে কাজ করছে।
বুধবার (১ জুলাই) বেলা সাড়ে ১১টায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশ সদর দপ্তরে আরএমপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি আরএমপির সদস্যদের পেশাদারিত্ব, দায়িত্ববোধ এবং জনগণের সেবায় তাদের অবদানের প্রশংসা করেন। একই সঙ্গে তিনি বলেন, আধুনিক প্রযুক্তিনির্ভর পুলিশিং ব্যবস্থা গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে, যাতে নগরবাসী আরও দ্রুত ও কার্যকর সেবা পেতে পারেন।
মন্ত্রী মিজানুর রহমান মিনু বলেন, “৩৪ বছর আগে গণতন্ত্রের মা, আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে আরএমপি প্রতিষ্ঠিত হয়েছিল। প্রতিষ্ঠার পর থেকে নগরবাসীর নিরাপত্তা, অপরাধ নিয়ন্ত্রণ, ট্রাফিক ব্যবস্থাপনা এবং জনসেবামূলক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এই বাহিনী।” তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমান আইনশৃঙ্খলা রক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সরকার সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে এবং পুলিশের সক্ষমতা বৃদ্ধিতে কাজ অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন, নিরাপদ নগর গড়ে তুলতে শুধু পুলিশের উদ্যোগই যথেষ্ট নয়; নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল হতে হবে। সমাজ থেকে মাদক, সন্ত্রাস, চুরি, ছিনতাই এবং অন্যান্য অপরাধ নির্মূলে পুলিশ ও জনগণের সমন্বিত অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আরএমপি প্রতিষ্ঠাবার্ষিকী নতুন উদ্দীপনায় জনগণের সঙ্গে পুলিশের সম্পর্ক আরও দৃঢ় করবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে আরএমপি সদর দপ্তর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় সদর দপ্তরে এসে শেষ হয়। র্যালিতে পুলিশ সদস্যদের পাশাপাশি বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং প্রতিষ্ঠাবার্ষিকীর আনন্দ ছড়িয়ে পড়ে পুরো নগরজুড়ে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির। তিনি বলেন, আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর পুলিশিং নিশ্চিত করতে আরএমপি নিরলসভাবে কাজ করছে। জনগণের আস্থা অর্জন এবং দ্রুত সেবা প্রদানের লক্ষ্যে বিভিন্ন নতুন উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতেও অপরাধ দমন, ট্রাফিক ব্যবস্থাপনার উন্নয়ন এবং নাগরিক সেবা আরও সম্প্রসারণে আরএমপি কাজ করে যাবে বলে তিনি জানান।
এ সময় উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুনুর রশিদ মামুনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
আরএমপি প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দিনব্যাপী আলোচনা সভা, বর্ণাঢ্য র্যালি, শুভেচ্ছা বিনিময় এবং অন্যান্য আনুষ্ঠানিক কর্মসূচি পালন করা হয়। আয়োজকরা জানান, ভবিষ্যতেও জনগণকে আরও উন্নত ও আধুনিক পুলিশি সেবা দিতে আরএমপি বিভিন্ন জনবান্ধব কার্যক্রম জোরদার করবে। নিরাপদ, শান্তিপূর্ণ ও অপরাধমুক্ত রাজশাহী গড়ে তুলতে পুলিশ ও জনগণের যৌথ সহযোগিতাই সবচেয়ে বড় শক্তি বলে অনুষ্ঠানে বক্তারা মত প্রকাশ করেন।
আরোও পড়ুন - রাজশাহীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের দাবিতে মহানগর বিএনপির অবস্থান কর্মসূচি